চিপ সঙ্কটে ডিভাইস বিক্রিতে টান নিনটেনডোর
বৈশ্বিক চিপ সঙ্কটের মুখে সুইচ ডিভাইসের বিক্রি প্রত্যাশাতে রাশ টানতে বাধ্য হচ্ছে জাপানের গেমিং প্রতিষ্ঠান নিনটেনডো। নিজেদের কনসোল ব্যবসার উপর অনেকটাই নির্ভরশীল কিয়োটো ভিত্তিক এ প্রতিষ্ঠানটি।
ঠিক এমন একটি সময় প্রতিষ্ঠানটি প্রতিবন্ধকতার সম্মুখীন হলো যখন নিজেদের সাবস্ক্রিপশন ও ক্লাউড গেমিং সেবার পরিসর বাড়াতে কাজ করছে মাইক্রোসফটের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান।
চিপের অপ্রতুলতায় হার্ডওয়্যার উৎপাদনে প্রভাব পড়ার কথা জানিয়ে নিনটেনডো’র পক্ষ থেকে জানানো হয়েছে, সেমিকন্ডাক্টর পরিস্থিতি তাদের হার্ডওয়্যার উন্নয়নে কিছুটা প্রভাব ফেলছে। তবে বিকল্প উপাদান ও পরিবর্তিত নকশার মাধ্যমে প্রভাব কমানোর চেষ্টা করছে এই কনসোল নির্মাতা।
বার্তা সংস্থা রয়টার্স নিনটেনডোর হার্ডওয়্যার উন্নয়নে প্রভাব পড়ার খবর জানানোর একদিন আগেই প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট শুনতারো ফুরুকাওয়া জানিয়েছিলেন, চিপ সঙ্কট কমার কোনো লক্ষণ দেখা না যাওয়ায় নিজেদের পুরো এক বছরের সুইচ বিক্রির পূর্বানুমান বাদ দিচ্ছেন তারা।
তবে নিজেদের পরবর্তী প্রজন্মের হার্ডওয়্যার নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি নিনটেনডো। রয়টার্সের খবরে বলা হয়েছে, নিজেদের প্রাতিষ্ঠানিক স্লাইডে “সমন্বিত হার্ডওয়্যার-সফটওয়্যারের পরবর্তী গেমিং সিস্টেম” এর দিকে ইঙ্গিত করেছে প্রতিষ্ঠানটি।